বরিশাল বিআরটিএর ২৫৫ গাড়ির অবৈধ নিবন্ধন কেলেঙ্কারি, শাহে আলম কারাগারে, বহাল তবিয়তে ইকবাল
নিজস্ব প্রতিবেদক :
বরিশাল বিআরটিএতে ২০২৩ সালে ২৫৫টি গাড়ির অবৈধ নিবন্ধন কেলেঙ্কারির হোতা সহকারী পরিচালক (এডি) শাহে আলম কারাগারে গেলেও তদবিরে চাকরিতে বহাল অন্যতম সহযোগী মোটরযান পরিদর্শক ইকবাল আহামদ (গ্রামের বাড়িতে যিনি সোহেল নামে পরিচিত)। দুর্নীতির পাহাড়সম অভিযোগ নিয়ে গত সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক শেখ ফারুক হোসেন তা নামঞ্জুর করে বরিশাল বিআরটিএর সাবেক সহকারী পরিচালক শাহে আলমকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন, যে সময় আদালত প্রাঙ্গণে নজিরবিহীন ঘটনার জন্ম দেন তিনি। অথচ বিআরটিএর বরিশাল জেলা কার্যালয়ে দায়িত্ব পালনকালে শাহে আলমের সঙ্গে যোগসাজশ করে একই দুর্নীতির দায়ে ছয় মাসের জন্য সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) হয়েছিলেন মোটরযান পরিদর্শক ইকবাল আহামদ; কিন্তু মূল হোতা কারাগারে গেলেও উচ্চপর্যায়ের তদবিরের মাধ্যমে চাকরিতে ফিরে এসে বর্তমানে চট্টগ্রাম মেট্রো-২ সার্কেলে বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন তিনি এবং তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের নতুন অভিযোগ জমা পড়েছে।
নথিপত্র ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিআরটিএর বরিশাল জেলা কার্যালয়ে কর্মরত থাকাকালে তৎকালীন সহকারী পরিচালক শাহে আলম, রেকর্ড কিপার আব্দুর রাজ্জাক এবং মোটরযান পরিদর্শক ইকবাল আহামদ পরস্পরের যোগসাজশে ২৫৫টি গাড়ির অবৈধ রেজিস্ট্রেশন প্রদান করেন। বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি ও অবৈধ অর্থ লেনদেনের এই চাঞ্চল্যকর ঘটনায় তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি পদক্ষেপ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন সাবেক বিতর্কিত সহকারী পরিচালক শাহে আলম।
শুনানি শেষে বিচারক শেখ ফারুক হোসেন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারের পথে নিয়ে যাওয়ার সময় আদালত প্রাঙ্গণে এক নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি করেন এই সাবেক কর্মকর্তা। অন্যদিকে, একই দুর্নীতির দায়ে ছয় মাসের জন্য সাময়িক বরখাস্ত হলেও তদবিরের জোরে চাকরিতে পুনর্বহাল হন মোটরযান পরিদর্শক ইকবাল আহামদ। বর্তমানে তার বিরুদ্ধে ওঠা নতুন দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের তদন্ত চেয়ে গত ২৫ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে লিখিত আবেদন করেছেন রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর বাসিন্দা ফিরোজ কবির।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে জমা দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, মোটরযান পরিদর্শক ইকবাল আহামদের বিরুদ্ধে (গ্রামের বাড়িতে যিনি সোহেল নামে পরিচিত) দীর্ঘদিন ধরে বিআরটিএর বিভিন্ন গুরুত্বপূর্ণ সার্কেলে দালাল সিন্ডিকেটের মাধ্যমে গ্রাহক হয়রানি করার অভিযোগ রয়েছে। চট্টগ্রাম মেট্রো-২ সার্কেলে যোগদানের আগে তিনি সাভার, ঢাকার ইকুরিয়া এবং বরিশাল কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন।
অভিযোগ অনুযায়ী, এসব কর্মস্থলে যানবাহনের নিবন্ধন, ফিটনেস সনদ নবায়ন এবং মালিকানা পরিবর্তনসহ বিভিন্ন দাপ্তরিক নথি তৈরির ক্ষেত্রে সরাসরি সেবা না দিয়ে দালালদের মাধ্যমে নির্ধারিত ফির বাইরে বিপুল পরিমাণ অতিরিক্ত অর্থ আদায় করা হতো। বরিশালের ২৫৫টি গাড়ির অবৈধ নিবন্ধনের ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়ার পর চাকরিতে ফিরে এসেও তিনি তার এই অনিয়ম ও সিন্ডিকেটের ধারা অব্যাহত রেখেছেন বলে লিখিত আবেদনে দাবি করা হয়েছে।
শুধু সেবাপ্রার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ই নয়, মোটরযান পরিদর্শক ইকবাল আহামদের বিরুদ্ধে বিআরটিএতে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও তুলেছেন অভিযোগকারী ফিরোজ কবির। লিখিত আবেদনে দাবি করা হয়, দাপ্তরিক প্রভাব খাটিয়ে ইকবাল নিজের ছোট ভাই, সাইফুল নামের এক পরিচিত ব্যক্তিসহ আরও কয়েকজনকে বিআরটিএতে চাকরি পাইয়ে দিয়েছেন এবং এ ক্ষেত্রে বড় অঙ্কের আর্থিক লেনদেন হয়েছে।
অভিযোগপত্রে আরও বলা হয়েছে, প্রতিষ্ঠানটির ভেতরে ইকবাল আহামদ একটি শক্তিশালী পারিবারিক বলয় গড়ে তুলেছেন। তার ছোট ভাই মাহবুব কামাল বর্তমানে বিআরটিএর মানিকগঞ্জ জেলা কার্যালয়ে সহকারী পরিচালক হিসেবে কর্মরত আছেন। এ ছাড়া তার বেয়াই নূর মোহাম্মদ, দুলাভাইসহ পরিবারের আরও কয়েকজন সদস্য একই প্রতিষ্ঠানের বিভিন্ন পদে চাকরি করছেন। স্বজনদের এমন প্রশাসনিক অবস্থানকে কাজে লাগিয়ে তিনি প্রভাব বিস্তার করেন এবং নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ধামাচাপা দেন বলে অভিযোগ করা হয়েছে।
সরকারি চাকরির বেতনের সঙ্গে সংগতিহীন বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ গড়ে তোলার বিষয়টিও লিখিত আবেদনে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। অভিযোগকারীর তথ্যানুযায়ী, ঢাকার সাভারের ব্যাংক কলোনি এলাকায় ইকবাল আহামদ একটি অত্যন্ত বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন, যার কেবল দরজা তৈরিতেই বিপুল অর্থ ব্যয় হয়েছে। পাশাপাশি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় নিজ গ্রামের বাড়িতে দুই মেয়ে ইরিনা ও এলিনার নামে রিসোর্টের আদলে একটি খামারবাড়ি ও আধুনিক ডেইরি ফার্ম গড়ে তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে
এ ছাড়া মোটরযান পরিদর্শক ইকবাল আহামদের বিরুদ্ধে অর্ধকোটি টাকা মূল্যের বিলাসবহুল ব্যক্তিগত গাড়ি ব্যবহার, স্ত্রী আর্জিনা বেগমের নামে বিপুল সম্পদ গড়ে তোলা এবং শ্বশুরবাড়িতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ করা হয়েছে। তার স্ত্রী আর্জিনা বেগম আগামী সাভার পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং সেই লক্ষ্যে এলাকায় বিপুল অর্থ ব্যয় করছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে জানতে ইকবাল আহামদের মুঠোফোনে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

