Thursday, 10 September 2026JK LIVE
বিজ্ঞাপন

এই দুদক নিরপেক্ষ নয় : আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক:
দুর্নীতির অভিযোগ এনে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মানহানি করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাবে দুদকে দায়ের হওয়া অভিযোগের জবাবে এ কথা জানান তিনি। পাশাপাশি দুদক নিরপেক্ষ নয় বলে মন্তব্য করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, ‘বিএনপির সময়ে হওয়া পদোন্নতি ও বদলির অভিযোগ এনে আমার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করা হচ্ছে, যা মিথ্যা ও বানোয়াট। রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে হয়রানি করতেই দুদক আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে নেমেছে। অতীতেও নানা মিথ্যা অভিযোগ এনে প্রতিপক্ষকে দমন করতে দুদককে ব্যবহার করা হয়েছিল।’

এ সময় তিনি বলেন, ‘এই দুদক নিরপেক্ষ নয়। রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। দুর্নীতির অভিযোগ এনে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আমার মানহানি করা হচ্ছে।’

উপদেষ্টা থাকাকালীন জনগণের পক্ষে কাজ করতে গিয়ে অনেকের বিরাগভাজন হতে হয়েছিল উল্লেখ করে আসিফ বলেন, ‘দেশের জন্য কাজ করতে গিয়ে আমাকে অনেক সিদ্ধান্তই নিতে হয়েছে। জনগণের পক্ষে কাজ করতে গিয়ে অনেকের বিরাগভাজন হতে হয়েছিল, তারাই এখন রাজনৈতিকভাবে আমার পেছনে লেগেছে।’

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram