Thursday, 10 September 2026JK LIVE
বিজ্ঞাপন

বগুড়া সফরে যাবেন জামায়াত আমির শফিকুর রহমান

ডেস্ক রিপোর্ট:
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়ার ধুনট উপজেলায় সফরে যাবেন।

জানা গেছে, সকাল ৬টার দিকে তিনি ধুনটে পৌঁছে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের মানিকপোটল গ্রামে যাবেন। সেখানে ১৯৬৯ সালের ইসলামী ছাত্র আন্দোলনের শহীদ আব্দুল মালেকের পারিবারিক কবরস্থানে গিয়ে তার কবর জিয়ারত করবেন।

জামায়াতে ইসলামী সূত্রে জানা গেছে, ডা. শফিকুর রহমান শেরপুর উপজেলা থেকে সরাসরি ধুনট হয়ে গোসাইবাড়ি ইউনিয়নের মানিকপোটল গ্রামে যাবেন। সেখানে তিনি শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

শহীদ আব্দুল মালেক ১৯৬৯ সালের ১৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ইসলামী ছাত্র আন্দোলনে শহীদ হন। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রসংঘের সভাপতি ছিলেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই জামায়াতে ইসলামীর আমিরের এই সফর বলে দলীয় সূত্র জানিয়েছে।

ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুল করিম বলেন, ‘ডা. শফিকুর রহমান শেরপুর উপজেলা থেকে সরাসরি ধুনট হয়ে গোসাইবাড়ী ইউনিয়নের মানিকপোটল গ্রামে যাবেন। সেখানে তিনি শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করবেন।’

এদিকে জামায়াত আমিরের আগমন ও কবর জিয়ারত কর্মসূচি সফল করতে বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহীদ আব্দুল মালেকের কবরস্থান পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বগুড়া জেলা শাখার নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাসেদ, ধুনট উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম, ধুনট উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া ভাণ্ডারবাড়ি ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো. শরিফুল ইসলাম এবং ভাণ্ডারবাড়ি ও গোসাইবাড়ি ইউনিয়ন জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram