Tuesday, 17 November 2026JK LIVE
বিজ্ঞাপন

জাল সনদে বিপিসির শীর্ষ পদ, অবসরের পরই নথি গায়েব: অনুসন্ধানে মনি লাল দাশের অঢেল সম্পদের তথ্য

জাল সনদে বিপিসির শীর্ষ পদ, অবসরের পরই নথি গায়েব: অনুসন্ধানে মনি লাল দাশের অঢেল সম্পদের তথ্য

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা মনি লাল দাশের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে চাকরি গ্রহণ, অবৈধ সম্পদ অর্জন এবং বিভিন্ন অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটির উচ্চপদে আসীন হওয়া এবং অবসরে যাওয়ার পর সংশ্লিষ্ট নথিপত্র গায়েব হয়ে যাওয়ার ঘটনায় বিপিসির ভেতরে-বাইরে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।

শিক্ষাগত যোগ্যতার জালিয়াতি ও দ্রুত পদোন্নতি অনুসন্ধান অনুযায়ী, ১৯৯৬ সালের ২৪ অক্টোবরের নিয়োগ বিজ্ঞপ্তিতে বিপিসির সহকারী ব্যবস্থাপক পদের জন্য ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি চাওয়া হয়েছিল। কিন্তু মনি লাল দাশের স্নাতক স্তরে ছিল তৃতীয় শ্রেণি। অভিযোগ রয়েছে, এই ঘাটতি থাকা সত্ত্বেও ১৯৯৯ সালে তিনি সহকারী ব্যবস্থাপক (এমআইএস) পদে নিয়োগ পান। পরবর্তীতে তিনি পদোন্নতি পেয়ে মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) এবং সর্বশেষ জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) পদে দায়িত্ব পালন করেন। পাশাপাশি, তিনি সরকারি-বেসরকারি যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান ‘স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল লিমিটেড’-এর (এসএওসিএল) সিইও হিসেবেও দায়িত্ব সামলেছেন।

অবসরের পর নথি গায়েব:

চলতি বছরের ১৩ আগস্ট পিআরএলে যান মনি লাল দাশ। বিপিসির একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, তাঁর অবসরের পর গণমাধ্যমে এসব অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশিত হতেই তাঁর নিয়োগ ও পদোন্নতি-সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইল ও নথি বিপিসি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে।

দুদকের অনুসন্ধান ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ :

দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০২৩ সাল থেকে তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধানে নামে। দুদকের অনুসন্ধান কর্মকর্তা রাজু আহমেদের প্রতিবেদনে মনি লাল দাশ ও তাঁর স্ত্রী সেপিকা দাশের নামে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ মেলার কথা বলা হয়েছে:

  • মনি লাল দাশ: তাঁর মোট স্থাবর-অস্থাবর সম্পদ ও পারিবারিক ব্যয়সহ মোট অর্জিত সম্পদ পাওয়া গেছে ৪ কোটি ১৭ লাখ ২৭ হাজার ২০৭ টাকার। এর মধ্যে ৩ কোটি ৪০ লাখ ৯২ হাজার ১৯৩ টাকার বৈধ উৎস পাওয়া গেলেও বাকি ৭৬ লাখ ৩৫ হাজার ১৪ টাকার সম্পদের কোনো গ্রহণযোগ্য উৎস মেলেনি।

 

  • সেপিকা দাশ (স্ত্রী): পেশায় গৃহিণী হওয়া সত্ত্বেও ২০১০-১১ করবর্ষ থেকে সঞ্চয়পত্র, শেয়ার, কমিশন ব্যবসা ও মৎস্য চাষ থেকে আয় দেখিয়ে আসছিলেন। তবে দুদক তদন্তে কমিশন ব্যবসা ও মৎস্য চাষের কোনো বাস্তবিক অস্তিত্ব বা নথিপত্র পায়নি। তাঁর মোট ২ কোটি ৪৪ লাখ ৬১ হাজার ৯২৭ টাকার সম্পদের মধ্যে ১ কোটি ৮৭ লাখ ১৭ হাজার ২৫৫ টাকার আয়ের বৈধ উৎস মেলেনি।

পরবর্তী আইনগত পদক্ষেপ:

দুদক সূত্রে জানা গেছে, অনুসন্ধানকারী কর্মকর্তা মনি লাল দাশ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে পৃথকভাবে সম্পদ বিবরণী দাখিলের সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেছেন। কমিশনের অনুমোদনক্রমে তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নথি গায়েব ও অবৈধ সম্পদের বিষয়ে বক্তব্য নিতে মনি লাল দাশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি। তবে এর আগে ২০২৪ সালে তিনি এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেছিলেন, একটি বিশেষ চক্র তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং দুদককে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে।

 

Share this news as a Photo Card

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram
16 November 2026

জাল সনদে বিপিসির শীর্ষ পদ, অবসরের পরই নথি গায়েব: অনুসন্ধানে মনি লাল দাশের অঢেল সম্পদের তথ্য

বিস্তারিত কমেন্টস লিংক দেখুন