স্পোর্টস নিউজ:
ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি। বয়স ৩৯ পেরিয়ে গেলেও বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে আছেন আর্জেন্টাইন তারকা। এবারও তাকে ঘিরে জোরালো সমর্থন মিলছে ফুটবল বিশ্বের বড় তারকাদের কাছ থেকে। সেই তালিকায় এবার যোগ হলো জিনেদিন জিদানের নাম।
ফ্রান্সের কিংবদন্তি এই তারকার কাছে এবারের ব্যালন ডি’অরের জন্য ভোট দেওয়ার সুযোগ থাকলে পছন্দের তালিকায় সবার ওপরে থাকবেন মেসি। এমনকি ১০০ বার ভোট দেওয়ার সুযোগ পেলেও প্রতিবারই মেসিকে বেছে নিতেন বলে জানিয়েছেন জিদান।
মেসির বয়সকে তার শ্রেষ্ঠত্বের পথে বাধা হিসেবে দেখছেন না জিদান। বরং ৩৯ বছর বয়সেও বিশ্বের সেরা ফুটবলারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতাকেই বড় অর্জন হিসেবে দেখছেন তিনি।
জিদানের ভাষায়, ‘লোকেরা সত্যিই বুঝতে পারে না, ৩৯ বছর বয়সে এসেও বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে থাকা কতটা দুর্দান্ত ব্যাপার।’
এবারের ব্যালন ডি’অরে মেসির জয়ের সম্ভাবনাও দেখছেন জিদান। পুরস্কারটি আবারও আর্জেন্টাইন তারকার হাতে উঠলে তিনি মোটেও অবাক হবেন না বলে জানিয়েছেন।

