আন্তর্জাতিক রিপোর্টঃ
সামাজিক নিরাপত্তা খাতে প্রস্তাবিত ব্যয় কমানোর প্রতিবাদে পরিবহন শ্রমিকদের ধর্মঘটে বুধবার (০৯ সেপ্টেম্বর) প্রায় অচল হয়ে পড়ে নেদারল্যান্ডসের রেল যোগাযোগ। দেশটির প্রায় সব ট্রেন ২৪ ঘণ্টার জন্য বন্ধ ছিল বলে জানিয়েছে ডাচ সম্প্রচারমাধ্যম এনওএস। এ বরাতে খবর প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
ধর্মঘটে কয়েক হাজার গণপরিবহন কর্মী অংশ নিয়েছেন বলে জানিয়েছে শ্রমিক সংগঠন এফএনভি। তবে অংশগ্রহণকারীর সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রেল চলাচলের পাশাপাশি দেশটির শহর ও আঞ্চলিক গণপরিবহন ব্যবস্থাতেও ব্যাপক বিঘ্ন ঘটে। পরিস্থিতির কারণে বিপুল মানুষকে বাড়ি থেকে কাজ করতে হয়েছে বলে জানিয়েছে এনওএস।
আমস্টারডামের একটি প্রাথমিক বিদ্যালয় ফেরি চলাচল বন্ধ থাকায় শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য বিকল্প হিসেবে একটি পর্যটন নৌযানের ব্যবস্থা করে।
এদিকে যাত্রী সংগঠন রোভার ধর্মঘটের কৌশলের সমালোচনা করেছে। সংগঠনটির দাবি, শ্রমিক ইউনিয়নগুলো দুর্বল ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পক্ষে অবস্থান নেওয়ার কথা বললেও গণপরিবহন বন্ধ করে তাদের চলাচলের সুযোগ আরও সীমিত করা হচ্ছে।
এ কারণে দাবি আদায়ে ধর্মঘটের পরিবর্তে অন্য ধরনের কর্মসূচি নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সামাজিক নিরাপত্তা খাতে সরকারের পরিকল্পিত ব্যয় কমানোর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের অংশ হিসেবে এই ধর্মঘটের ডাক দেয় এফএনভি। ইউনিয়নগুলো প্রস্তাবিত কাটছাঁট পুরোপুরি বাতিলের দাবি জানাচ্ছে।
সরকার পরে পরিকল্পনার কিছু অংশ প্রত্যাহারের ঘোষণা দিলেও ইউনিয়নগুলোর মতে, এতে তাদের দাবি পূরণ হয়নি। ফলে আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা।

