Monday, 9 November 2026JK LIVE
বিজ্ঞাপন

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশা: ডা: তৌদিহ আল হাসানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির পাহাড় সম অভিযোগ

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশা: ডা: তৌদিহ আল হাসানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির পাহাড় সম অভিযোগ

সাভার প্রতিনিধি:

ঢাকার সন্নিকটবর্তী সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা এখন চরম বিপর্যয়ের মুখে। খোদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তৌদিহ আল হাসানের বিরুদ্ধে উঠেছে লাগামহীন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। সরকারি হাসপাতালের সাধারণ সেবা থেকে শুরু করে ওষুধ বণ্টন, কেনাকাটা এবং বেসরকারি ক্লিনিক নিয়ন্ত্রণ— সব খাতেই গড়ে তুলেছেন এক শক্তিশালী সিন্ডিকেট। তার এই স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির কারণে উপজেলার সাধারণ মানুষের একমাত্র ভরসাস্থল সরকারি এই হাসপাতালটি এখন বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছে বলে অভিযোগ সাধারণ মানুষের।

হাসপাতাল সংশ্লিষ্ট ও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তির দেওয়া তথ্যানুযায়ী, ডা: তৌদিহ আল হাসানের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ রোগীদের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত বিনামূল্যের ওষুধ চুরির। প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসা শত শত দরিদ্র রোগী লাইনে দাঁড়িয়ে চিকিৎসকের পরামর্শ নিলেও হাসপাতাল থেকে তাদের দেওয়া হচ্ছে নামমাত্র দু-একটি সাধারণ ওষুধ। অথচ প্রতি মাসেই সরকারের পক্ষ থেকে কোটি টাকার মানসম্মত জীবন রক্ষাকারী ওষুধ সরবরাহ করা হয়।

হাসপাতালের ভেতরে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মচারী জানান, “লট আকারে আসা অ্যান্টিবায়োটিক, গ্যাস্ট্রিক এবং বিভিন্ন জটিল রোগের দামি ওষুধগুলো সাধারণ রোগীদের দেওয়া হয় না। ডা: তৌদিহ আল হাসানের নির্দেশনায় নির্দিষ্ট কর্মচারীদের মাধ্যমে এই ওষুধগুলো রাতের আঁধারে হাসপাতালের বাইরে বিভিন্ন পাইকারি ও খুচরা ওষুধের দোকানে বিক্রি করে দেওয়া হয়। বিনিময়ে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা তার পকেটে যাচ্ছে।”

অনুসন্ধানে জানা যায়, বিভিন্ন নামী-দামী ও অখ্যাত ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের (এমপিও) সাথে ডা: তৌদিহ আল হাসানের রয়েছে বিশেষ গোপন চুক্তি। এই সিন্ডিকেটের মাধ্যমে তিনি হাসপাতালে ওষুধ বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। সরকারি নিয়ম তোয়াক্কা করে কোম্পানিগুলোর কাছ থেকে নিয়মিত কমিশন নেওয়ার বিনিময়ে হাসপাতালে তাদের ওষুধ চিকিৎসকদের প্রেসক্রিপশনে লেখার জন্য অলিখিত চাপ প্রয়োগ করেন। হাসপাতাল চত্বরে সার্বক্ষণিক ওষুধ কোম্পানির প্রতিনিধিদের উপস্থিতি সাধারণ রোগীদের চলাচলেও বিঘ্ন সৃষ্টি করছে বলে অভিযোগ রয়েছে।

সাভারের স্বাস্থ্য খাতের এই বেহাল দশার এখানেই শেষ নয়। নিয়মানুযায়ী উপজেলার সব বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স, পরিবেশ এবং সেবার মান তদারকি করার দায়িত্ব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার। কিন্তু ডা: তৌদিহ আল হাসান এই তদারকি ক্ষমতাকে ব্যবহার করছেন অবৈধ অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে। উপজেলার বিভিন্ন বেসরকারি ল্যাব ও ক্লিনিকের মালিকদের সাথে কথা বলে জানা গেছে, অধিকাংশ প্রতিষ্ঠানেরই নেই বৈধ লাইসেন্স বা প্রয়োজনীয় যন্ত্রপাতি। কিন্তু ডা: তৌদিহ আল হাসানের মাসোহারার বিনিময়ে তারা দিব্যি ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকের মালিক বলেন, “ আর্থিক সুবিধা না দিলে ব্যবসা করা যায়, মাসের শুরুতেই স্বাস্থ্য কর্মকর্তার নির্ধারিত বিশ্বস্ত লোকের কাছে আমাদের নির্দিষ্ট অঙ্কের টাকা (মাসোহারা) পৌঁছে দিতে হয়। টাকা ঠিকমতো দিলে কোনো তদারকি বা অভিযান চালানো হয় না। আর টাকা দিতে অস্বীকৃতি জানালে বা দেরি হলে নানা অজুহাতে সিলগালা বা মামলার ভয় দেখানো হয়। ফলে আমরাও বাধ্য হয়ে চিকিৎসাসেবার নামে রোগীদের পকেট কাটছি।”

হাসপাতালের উন্নয়ন ও কেনাকাটার খাতটিও ডা: তৌদিহ আল হাসানের ব্যক্তিগত দুর্নীতির অন্যতম উৎস হয়ে দাঁড়িয়েছে। হাসপাতালের খাদ্য সরবরাহ, লিনেন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মালামাল ক্রয় এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় উন্মুক্ত দরপত্রের নিয়ম মানা হলেও ব্যাকডেটে নিজের পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে তিনি বড় অঙ্কের কমিশন আদায় করেন। নিম্নমানের সরঞ্জাম ও সেবা গ্রহণ করে সরকারের লাখ লাখ টাকা লোপাট করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ডা: তৌদিহ আল হাসানের এই দুর্নীতির চাদর ছড়িয়ে পড়েছে তার অধীন্যস্ত অন্যান্য চিকিৎসকদের মাঝেও। সরকারি চাকরি বিধি অনুযায়ী কোনো সরকারি চিকিৎসকের ডিউটির সময়ে ব্যক্তিগত প্র্যাকটিস বা বাইরে কাজ করার অনুমতি নেই। কিন্তু সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র সম্পূর্ণ ভিন্ন। ডা: তৌদিহ আল হাসান মোটা অঙ্কের আর্থিক সুবিধার বিনিময়ে হাসপাতালের অন্যান্য চিকিৎসকদের সপ্তাহের বড় একটি সময় বাইরে বেসরকারি ক্লিনিকগুলোতে কাজ করার অলিখিত সুযোগ করে দিয়েছেন।

হাসপাতালের চিকিৎসা নিতে আসা এক ভুক্তভোগী বলেন, “সকালে ডাক্তার দেখাতে আসলে বলা হয় ডাক্তার রাউন্ডে আছেন অথবা সিটে নেই। কিন্তু দুপুরের পর স্থানীয় যেকোনো প্রাইভেট ক্লিনিকে গেলেই সেই ডাক্তারদের পাওয়া যায়। সরকারি ডাক্তাররা হাসপাতালের চেয়ে প্রাইভেট চেম্বারেই বেশি সময় দিচ্ছেন, কারণ তাদের এই সুযোগ করে দিচ্ছেন স্বয়ং স্বাস্থ্য কর্মকর্তা।”

হাসপাতালের ভর্তি রোগীদের জন্য বরাদ্দকৃত সরকারি খাবারেও ডা: তৌদিহ আল হাসানের সিন্ডিকেট ব্যাপক চুরি ও অনিয়ম চালিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। নিয়মানুযায়ী রোগীদের প্রতিদিন পুষ্টিকর ও মানসম্মত খাবার—যেমন পর্যাপ্ত পরিমাণে মাছ, মাংস, ডিম, দুধ ও ফলমূল সরবরাহ করার কথা থাকলেও বাস্তবে দেওয়া হচ্ছে অত্যন্ত নিম্নমানের চালের ভাত, পাতলা ডাল এবং নামমাত্র সবজি। হাসপাতালের রান্নাঘরের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের মাধ্যমে প্রতিদিনের বরাদ্দের বড় একটি অংশ গোপনে বাইরে বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একজন অভ্যন্তরীণ কর্মী জানান, “কাগজে-কলমে রোগীর জন্য খাসি বা মুরগির মাংসের হিসাব দেখানো হলেও, বাস্তবে বাজার থেকে কেনা হয় তার অর্ধেক এবং তা-ও অত্যন্ত নিম্নমানের। বাকি টাকা সরাসরি স্বাস্থ্য কর্মকর্তার পকেটে চলে যায়।” এই খাদ্য চুরির কারণে হাসপাতালে চিকিৎসাধীন অসহায় ও দরিদ্র রোগীরা পুষ্টিহীনতায় ভুগছেন এবং বাধ্য হয়ে অনেককেই বাইরে থেকে চড়া মূল্যে খাবার কিনে খেতে হচ্ছে।

এই সব অনিয়মের কারণে সাভারের দরিদ্র ও মধ্যবিত্ত সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। সরকারি ওষুধ না পেয়ে তাদের ছুটতে হচ্ছে বাইরের ফার্মেসিতে, আর ডাক্তার না পেয়ে বাধ্য হয়ে দ্বিগুণ খরচে যেতে হচ্ছে বেসরকারি ক্লিনিকে। সরকারি স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার যে লক্ষ্য সরকারের রয়েছে ডা: তৌদিহ আল হাসানের ব্যক্তিগত লোভ ও দুর্নীতির সিন্ডিকেটের কারণে সাভারে তা সম্পূর্ণ ভেস্তে যাচ্ছে। স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা এই দুর্নীতিবাজ কর্মকর্তার অবিলম্বে অপসারণ এবং তার বিরুদ্ধে তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Share this news as a Photo Card

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram
09 November 2026

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশা: ডা: তৌদিহ আল হাসানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির পাহাড় সম অভিযোগ

বিস্তারিত কমেন্টস লিংক দেখুন