Wednesday, 18 November 2026JK LIVE
বিজ্ঞাপন

সবই টাকার খেলা! চুনোপুটি বরখাস্ত রাঘববোয়ালেরা বহাল: মোস্তাক-রাহাত জুটির খুঁটির জোর কোথায়?

সবই টাকার খেলা! চুনোপুটি বরখাস্ত রাঘববোয়ালেরা বহাল: মোস্তাক–রাহাত জুটির খুঁটির জোর কোথায়?

স্টাফ রিপোর্টার:

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এ দুর্নীতি দমন ও প্রশাসনিক শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে চরম দ্বিমুখী নীতি ও ‘ইনস্টিটিউশনাল ইম্পিউনিটি’ বা প্রাতিষ্ঠানিক বিচারহীনতার এক ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। একদিকে জাল সনদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ গণমাধ্যমে আসায় তৃতীয় শ্রেণির একজন কর্মচারীকে বিদ্যুৎ গতিতে বরখাস্ত করা হয়েছে; অন্যদিকে কোটি কোটি টাকার ঘুষ গ্রহণ, দরপত্র ছাড়াই কাজ বণ্টন, সরকারি খাসজমি অবৈধভাবে বরাদ্দ এবং মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের তদন্তে দোষী প্রমাণিত হওয়ার পরও বহাল তবিয়তে রয়েছেন রাজউকের প্রধান নগর স্থপতি মোস্তাক আহমেদ ও ডিজাইন শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী রাহাত মুসলিম।

সংশ্লিষ্ট সূত্র ও ভুক্তভোগীদের দাবি, এই রাঘববোয়ালদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ার মূল রহস্য লুকিয়ে আছে অন্দরমহলের কোটি কোটি টাকার ঘুষ লেনদেনে। অভিযোগ রয়েছে, মোস্তাক-রাহাত সিন্ডিকেট যেমন বিভিন্ন প্রকল্প থেকে কোটি কোটি টাকা ঘুষ আদায় করেন, তেমনি বিপদে পড়লে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটি অসাধু মহলকে কোটি কোটি টাকা দিয়ে নিজেদের পিঠ বাঁচিয়ে রাখেন।

চুনোপুটির বিরুদ্ধে অ্যাকশন, রাঘববোয়ালে নীরবতা:

রাজউকের প্রশাসনিক নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, ঘুষ বাণিজ্য ও সনদ জালিয়াতি করে চাকরিতে যোগদানের বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশ পেলে পাবনা-১ আসনের নৌকার প্রার্থী ও রাজউকের তৃতীয় শ্রেণির কর্মচারী মোশারফ হোসেন স্কাইকে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়। অথচ প্রধান নগর স্থপতি মোস্তাক আহমেদ ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী রাহাত মুসলিমের বিরুদ্ধে সংবাদমাধ্যমে অসংখ্যবার প্রতিবেদন প্রকাশ, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্ত কমিটির কঠোর সুপারিশ থাকার পরও বছরের পর বছর ধরে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

৮ কোটি টাকার প্যাকেজ ঘুষ ও দুদকের মামলা:

প্রধান নগর স্থপতি মোস্তাক আহমেদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের একটি আবাসন প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল এবং রাজউকের ৪৩ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। এই মামলার অন্যতম প্রধান আসামি মোস্তাক আহমেদ। অনুসন্ধানে জানা গেছে, ৮ কোটি টাকার প্যাকেজ ঘুষের বিনিময়ে মোস্তাক আহমেদ সিন্ডিকেট ব্যক্তি মালিকানাধীন জমি নিয়ে আদালতের দেওয়া স্থিতিবস্থা অমান্য করে অবৈধভাবে ভূমিব্যবহারের ছাড়পত্র, বিশেষ প্রকল্প, নকশা ও নির্মাণ অনুমোদন দিয়েছিলেন। শুধু তাই নয়, ওই আবাসন কোম্পানিকে সরকারি খাসজমিও অবৈধভাবে ব্যবহারের সুযোগ তৈরি করে দেওয়া হয়।

বাংলো সংস্কারে ৩০ লাখের বাজেট লাফিয়ে ৩ কোটি টাকা:

মোস্তাক-রাহাত জুটির সাম্প্রতিক ও আলোচিত দুর্নীতির ঘটনা ঘটেছে রাজউক চেয়ারম্যানের সরকারি বাসভবন সংস্কার প্রকল্পে। ২০২৪ সালের ১০ এপ্রিল দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া চেয়ারম্যানের ব্যবহারের জন্য গুলশান-২ এর ৬ নম্বর রোডে অবস্থিত সরকারি বাংলোটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। এ কাজ বাস্তবায়নে প্রধান নগর স্থপতি মোস্তাক আহমেদকে সভাপতি এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী রাহাত মুসলিমকে সদস্যসচিব করে একটি বিশেষ কমিটি গঠন করা হয়।

প্রাথমিকভাবে রাজউকের পরিচালন ও সংস্কার খাত থেকে বাংলোটি মেরামতের জন্য প্রায় ৩০ লাখ টাকার বাজেট প্রাক্কলন করা হয়েছিল। কিন্তু কাজ শেষে ঠিকাদার প্রতিষ্ঠান প্রায় ৩ কোটি টাকার চূড়ান্ত বিল দাখিল করে, যা মূল প্রাক্কলিত বাজেটের প্রায় ৭ গুণ। অডিট অনুসন্ধানে উঠে এসেছে, সরকারি ক্রয় আইন (পিপিএ ২০০৬) এবং সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর ২০০৮) সম্পূর্ণ লঙ্ঘন করে কোনো প্রকার উন্মুক্ত দরপত্র ছাড়াই রাহাত মুসলিমের একক ইচ্ছায় ও প্রশাসনিক কারসাজিতে ‘ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানকে কাজটি পাইয়ে দেওয়া হয়। এছাড়া কোনো পূর্বানুমোদন বা সংশোধিত প্রাক্কলন ছাড়াই ‘আর্থিক ক্ষমতা অর্পণ’ নীতি উপেক্ষা করে ৭ গুণ বেশি বিল তৈরি করা হয়।

অভিযোগ ও রহস্যজনক প্রত্যাহারের নেপথ্যে চাপ:

২০২৪ সালের ৬ জুন রাজউকের তৎকালীন বাস্তবায়ন শাখা-৪ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কায়সার বাংলো সংস্কারের এই বিপুল আর্থিক অনিয়ম ও দরপত্রবিহীন কার্যাদেশের বিষয়টি লিখিতভাবে রাজউক চেয়ারম্যানকে অবহিত করেন। কিন্তু রহস্যজনকভাবে মাত্র তিন দিনের মাথায়, অর্থাৎ ৯ জুন তিনি তাঁর লিখিত অভিযোগপত্রটি প্রত্যাহার করে নেন। রাজউক কার্যালয়ে ব্যাপকভাবে আলোচিত যে, সংস্কার কমিটির সভাপতি মোস্তাক আহমেদ, সদস্যসচিব রাহাত মুসলিম এবং প্রভাবশালী একটি মহলের প্রচণ্ড মনস্তাত্ত্বিক চাপ ও প্রশাসনিক হুমকির মুখেই নির্বাহী প্রকৌশলী কায়সার অভিযোগ প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন।

মন্ত্রণালয়ের তদন্তে প্রমাণিত হলেও অদৃশ্য কারণে ফাইল বন্দি:

রাজউকের অভ্যন্তরীণ নথি ফাঁস হওয়ার পর ২০২৫ সালের ২৯ জুন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে ঘটনাটির উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়। তদন্তে দরপত্র ছাড়া বেআইনিভাবে কাজ বণ্টন এবং মূল বাজেটের ৭ গুণ বেশি ব্যয়ের সত্যতা অকাট্যভাবে প্রমাণিত হয়। তদন্ত কমিটি মোস্তাক আহমেদ ও রাহাত মুসলিমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে।

তৎকালীন তদন্ত কমিটির আহ্বায়ক জহিরুল ইসলাম খান প্রতিবেদনের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করে বলেন, “আমরা যা ওখানে বলেছি, তা আমাদের নিজের থেকে তৈরি করে কিছু বলিনি। দাপ্তরিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই আমরা প্রশাসনিক সুপারিশ প্রদান করেছি।”

অভিযুক্তদের লুকোচুরি ও চেয়ারম্যানের বক্তব্য:

এসব গুরুতর অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে রাজউক কার্যালয়ে প্রধান নগর স্থপতি মোস্তাক আহমেদের কক্ষে গেলে তিনি ভেতরে অবস্থান করা সত্ত্বেও তাঁর কর্মচারীরা দাবি করেন তিনি অফিসে নেই। অন্যদিকে, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রাহাত মুসলিমের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করা হলে তিনি উপস্থিতি টের পেয়ে কোনো প্রশ্নের উত্তর না দিয়েই দ্রুত কক্ষ ত্যাগ করে পালিয়ে যান।

এ বিষয়ে রাজউকের বর্তমান চেয়ারম্যান বর্ধিত বিল পরিশোধ স্থগিত রাখার কথা জানিয়ে বলেন, “আমি আর এক পয়সা বিল পরিশোধ করি নাই।” অভ্যন্তরীণ অডিট ও তদন্ত চলমান রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, “আমাকে সুনির্দিষ্ট তথ্যগুলো দেন, তারা কোন কোন অপরাধের সঙ্গে জড়িত সেগুলো জানালে আমি অবশ্যই ব্যবস্থা নেব।”

বিশ্লেষকদের মতে, মন্ত্রণালয়ের তদন্ত কমিটির স্পষ্ট সুপারিশ এবং দুদকের মামলা থাকার পরও এই দুই কর্মকর্তাকে স্বপদে বহাল রাখা প্রমাণ করে যে রাজউকের অন্দরমহলে টাকার খেলাই শেষ কথা। অদৃশ্য শক্তির ছায়ায় থাকা এই সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা না নিলে সংস্থাটির প্রশাসনিক শৃঙ্খলা ও আর্থিক স্বচ্ছতা ফিরিয়ে আনা অসম্ভব হয়ে পড়বে।

Share this news as a Photo Card

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram
17 November 2026

সবই টাকার খেলা! চুনোপুটি বরখাস্ত রাঘববোয়ালেরা বহাল: মোস্তাক-রাহাত জুটির খুঁটির জোর কোথায়?

বিস্তারিত কমেন্টস লিংক দেখুন